বল টেম্পারিং নয়, ফিঞ্চ জানালেন আসল কারণ

ক্রিকেটে আবারো ফিরে এল বল টেম্পারিং কাণ্ড! সেই অস্ট্রেলিয়ার হাত ধরেই! রোববার ওভালে ভারতের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করেছেন অ্যাডাম জাম্পা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ ওঠে।

বেশ কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যেখানে দেখা যায় পকেট থেকে কিছু বের করছেন জাম্পা। বল ধরার আগে সেটি থেকে কোনো সাহায্য নিচ্ছেন।

দৃশ্যটার সঙ্গে মিল রয়েছেন ২০১৮ সালের কেপটাউন ট্র্যাজেডির। সেবার ক্যামেরুন ব্যানক্রফট পকেট থেকে সিরিঞ্জ কাগজ বের করে বলের আকৃতি পরিবর্তন করেছেন।

সেই ঘটনায় ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন ক্রিকেট থেকে। আর তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হন এক বছরের জন্য।

তবে কি আবারো বল টেম্পারিং করল অস্ট্রেলিয়া? অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বললেন, না। ওটা বল টেম্পারিং নয়। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেন, ‘‘জাম্পা ওর পকেটে হ্যান্ড ওয়ার্মার রেখেছিল। হাত ঘেমে যাওয়ার জন্যই হ্যান্ড ওয়ার্মার ব্যবহার করে জাম্পা। বল করার সময় পকেটের ভেতর রাখা হ্যান্ড ওয়ার্মারে হাত মুছেই বল করে জাম্পা।’’

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে এমটা। ম্যাচের আম্পায়াররাও জাম্পার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি।