দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরুর করলেও এরপর টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ এখন কিছুটা ব্যাকফুটে। সেই দুই হারের গ্লানি নিয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে পুরোনো স্মৃতি মাথায় আনতে চান না অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি তাকাচ্ছেন সামনে। নিজেদের কাজটা ঠিকঠাক করে জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য টাইগারদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। ম্যাচের আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফী। জানালেন, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হার মাথায় রাখছে না তার দল।
মাশরাফী বলেন, ‘‘আমরা আগামী কালের ম্যাচের দিকেই পুরো মনোযোগ দিচ্ছি। অতীতে কি ঘটেছে সেটা নিয়ে ভাবতে চাই না। কারণ সেটা কোনো কাজে দেবে না।’’
‘‘ইংল্যান্ড ম্যাচের আগেও একই প্রশ্ন করা হয়েছিল। আমরা বলেছিলাম আমরা সামনে তাকাতে চাই। দুর্ভাগ্যবশত ম্যাচটা আমরা হেরেছি। তাই কি হয়েছে এসব ভেবে লাভ নেই।’’
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শতভাগ উজাড় করে দিতেন চান মাশরাফী। জয় তুলে নেওয়াটাই তার দলের একমাত্র লক্ষ্য, ‘‘জয়ের জন্য আমরা শতভাগ দিয়ে খেলব। এবং আমরা আমাদের সব কাজ ঠিকঠাক করাটা নিশ্চিত করতে চাই।’’