মুর্তজার মৃত্যুদণ্ড বন্ধে অ্যামনেস্টির আহ্বান

আরব বসন্তের সময় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ১০ বছর বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুর্তজা কুরেইরিসকে মুক্তি দেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তাকে ‘বিচারিক হত্যা’র বলি বানানোর অপেক্ষায় রয়েছে সৌদি কর্র্তৃপক্ষ। রিপ্রাইভ নামের মানবাধিকার সংগঠনের পরিচালক মায়া ফোয়া বলছেন, ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শিশুদের ফাঁসিতে ঝোলানোর থেকে বড় অপরাধ তেমন একটা নেই।’

ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়েছে, মানবাধিকারের দাবিতে ১০ বছর বয়সে সাইকেল র‌্যালির মাধ্যমে প্রতিবাদে নেমেছিল মুর্তজা। তিন বছর পর তাকে আটক করা হয়। সৌদি আরবের প্রতি ওই সংগঠনের আহ্বানÑ ‘সরকার বিরোধিতার কারণে ১৩ বছর বয়সে আটক হওয়া শিশুকে মৃত্যুদণ্ড দেবেন না।’

২০১১ সালে আরব বসন্তের উত্তাল সময়ে সৌদি রাজতন্ত্রের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের দাবিতে দেশজুড়ে গণবিক্ষোভের সূচনা হয়েছিল। তখন প্রতিবাদের অংশ হিসেবে মুর্তজা কুরেইরিস বন্ধুদের নিয়ে সাইকেল রাইডে নেমেছিলেন।

ওই বিক্ষোভে অংশ নেওয়ার তিন বছর পর পরিবারের সঙ্গে দেশ ছাড়ার সময় বাহরাইন সীমান্তে মাত্র ১৩ বছর বয়সে গ্রেপ্তার হন মুর্তজা।