লালমনিরহাটে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু আহত ৬, আটক ৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে ইয়াসিন (৭) নামে এক শিশু মারা গেছে। এতে আহত হয়েছে তিন শিশুসহ ছয়জন। এ ঘটনায় তিন বিদ্যুৎকর্মীকে আটক করেছে পুলিশ। নিহত ইয়াসিন ওই এলাকার গার্মেন্টসকর্মী আতিকুল রহমানের ছেলে। গতকাল সোমবার দুপুরে দক্ষিণ বালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া আমতলী এলাকায় আমিনুর মেকারের বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের কাজ করছিল পল্লী বিদ্যুতের কর্মীরা। দুপুরে পিলারে উঠে নিচের অবস্থা না দেখেই সংযোগ দিয়ে দেওয়া হলে আগে থেকে পড়ে থাকা খোলা তারে বিদ্যুতায়িত হয়ে যায় খেলারত শিশুরা। তাদের উদ্ধারে গিয়ে আহত হয় আরও দুজন। আহতদের আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু ইয়াসিন।

এ ঘটনায় উত্তেজিত জনতা তিন বিদ্যুৎকর্মীকে আটক করে বেদম মারপিট করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হাসান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে জানান, মামলা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।