ইউরো ২০১৬-তে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। পর্তুগিজদের ফুটবল ইতিহাসে শিরোপা জয় ধরলে সেরা সাফল্য সেটিই। পর্তুগালের জার্সিতে ইউরো জেতার পর দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার রাতে উয়েফা নেশন্স লিগের ফাইনালে ঘরের মাঠ পোর্তোতে পর্তুগাল ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকে ইংল্যান্ড ৬-৫ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ডকে।
ইউরোর পর ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা নেশন্স লিগ। প্রথম আসরেই শিরোপা ঘরে তুলল পর্তুগাল। জাতীয় দলের হয়ে রোনালদোর আন্তর্জাতিক শিরোপার সংখ্যা এখন দুটি। প্রত্যেকটিতেই দলকে নেতৃত্ব দিয়েছেন সিআর সেভেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে একমাত্র গোলটি করেন গনজালো গুইদেস। জাতীয় দলের হয়ে এটি তার চতুর্থ গোল। সেমিফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে ফাইনালে তুলেছিলেন রোনালদো।
জয়ের পর দলের প্রশংসা করে রোনালদো বলেন, ‘আমাকে নিয়ে কিংবা ছাড়াই দল এগিয়ে যাবে। এই দলটির অনেক সম্ভাবনা রয়েছে। তরুণ খেলোয়াড় আছে যারা সময়ের সঙ্গে আরও পরিণত হবে। আমি এটার (নেশন্স লিগ) অংশীদার হতে চেয়েছিলাম দলকে সহযোগিতা করতে। আমার বিশ্বাস এই দলটির সামর্থ্য আছে আরও শিরোপা জেতার।’
দেশের হয়ে ১৫৮ ম্যাচে সর্বোচ্চ ৮৮ গোল রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করা ইউরোপিয়ান খেলোয়াড়ও সিআর সেভেন। পর্তুগালের হয়ে দ্বিতীয় শিরোপা জয়ে খুশি জুভেন্টাস তারকা। বলছিলেন, ‘অনেক খুশি আমি, এটা ছিল দারুণ। ঘরের মাঠে পর্তুগিজ দর্শকদের সামনে এই শিরোপা জয় আমার জন্য অনেক সম্মানের।’
আগামী বছর ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে পর্তুগাল। তবে সেই লক্ষ্য পূরণ করতে হলে ইউরো বাছাই পর্ব পেরোতে হবে তাদের। বাছাই পর্বে প্রথম দুই ম্যাচ ড্র করেছে ফার্নান্দো সান্তোসের দল।