ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানোর পথে বাঁ উরুর পেশিতে টান লেগেছিল সাকিব আল হাসানের। ফলে অনুশীলনে দেখা যায়নি তাকে। শ্রীলঙ্কার বিপক্ষে তার খেলা নিয়েও জেগেছিল শঙ্কা। তবে আশার কথা হলো-সাকিবের চোট গুরুতর নয়। স্ক্যান রিপোর্টে তাই জানা গেছে।
এই ইনজুরি নিয়ে ম্যাচ খেলা সম্ভব। তবে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলে সাকিব মাঠে নামবেন কি-না তা এখনও নিশ্চিত নয়। সকালে ঘুম থেকে উঠার পর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন এই বাঁহাতি অলরাউন্ডার নিজেই। কারণ তার ওপরই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে সাকিবকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় উরুর এক পাশে টান লেগেছিল সাকিবের। ব্যথা না কমায় সোমবার অনুশীলন করেননি ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। ইনজুরির অবস্থা জানতে পরে স্ক্যান করা হয়েছিল তার উরুর।
বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন লঙ্কানদের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি, “সাকিবের স্ক্যান করা হয়েছে। ইংল্যান্ড ম্যাচের সময়ই সে চোট পেয়েছিল। তার চোট লেগেছে গ্লুটসে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।”
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব। তিন ম্যাচ থেকে বল হাতে ৩ উইকেট পেলেও ব্যাট হাতে অনন্য তিনি। সবচেয়ে রান করাদের তালিকায় তার অবস্থান শীর্ষে। এক শতক ও দুই অর্ধশতকে এখন পর্যন্ত তার রান ২৬০। ২১৫ রান নিয়ে দ্বিতীয়স্থানে আছেন ইংল্যান্ডের জেসন রয়।