সড়ক দুর্ঘটনায় বিএনপির সাবেক এমপি’র ছেলে নিহত

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও স্থানীয় বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছোট ছেলে আকিব রেজা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে।

জানা যায়, একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ২৩ বছরের আকিব রেজা নিহত হন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আকিব ঈদের ছুটি শেষে দৌলতপুর থেকে রাতের বাসে ভোরে ঢাকায় পৌঁছান। কিন্তু ভুলে বাসে ব্যাগ ফেলে আসেন।

মোহাম্মদপুরের বাসায় গিয়ে ব্যাগের কথা স্মরণ হলে মোটরসাইকেলে কল্যাণপুরের দিকে রওনা দেন আকিব। পথে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

জানা গেছে, আকিবের মরদেহ দৌলতপুরের তারাগুনিয়ায় নেওয়া হবে। সেখানে বাদ আসর তারাগুনিয়া ফুটবল মাঠে জানাযার নামাজ শেষে দাদার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।