অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় বলিউড অভিনেতা রণবীর কাপুরের। সম্প্রতি এক ভক্তের রণবীরের পা ছুঁয়ে প্রণাম করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।
'ব্রহ্মাস্ত্র' সিনেমার শুটিংয়ের জন্য এই মুহূর্তে বারাণসীতে রয়েছেন রণবীর। সেখানেই প্রিয় তারকার জন্য উপহার হিসাবে চকলেট ও একটি অ্যালবাম নিয়ে হাজির হন রণবীরের এক পাঁড় ভক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অভিনেতার সঙ্গে ওই ভক্তের দেখা করার ভিডিওতে দেখা যায়, রণবীরের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন ওই ভক্ত। পরে তাকে রণবীরের সামনে বসে উপহার হিসাবে আনা অ্যালবামটি দেখাতেও দেখা যায়। ভিডিওটি দেখে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন।
ঘটনার নিন্দা করে একজন মন্তব্য করেছেন, "আমি বুঝি না কেন অনেকে অভিনেতাদের ভগবানের চোখে দেখেন। তারা আমাদের মতোই সাধারণ মানুষ।" আরেকজন লিখেছেন, "একজন ভক্তকে কেন তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে এবং নিচে বসতে হবে। ভক্তরাই সেলিব্রিটিদের তৈরি করে। এই ধরনের ব্যবহার রণবীরের থেকে কাম্য নয়।" তবে অনেকেই আবার রণবীরের সমর্থনে মুখ খুলেছেন। তাদের বক্তব্য, ''রণবীর এক্কেবারেই তার ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি খুবই ক্যাজুয়াল ভাবেই বিষয়টি নিয়েছেন, তিনি কাউকে ছোট করার জন্য এমন করেননি। ''
যার ভিডিও ভাইরাল হয়েছে তিনি রণবীরের একজন বড় অনুরাগী। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল হওয়ার পর তিনি অভিনেতার স্বপক্ষে সাফাই দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি জানান, রণবীর খুব ভালো মানুষ। তাকে উপহার দেখানোর জন্য তিনি নিচে বসেন। রণবীর তাকে নিজের একটি টুপিও উপহার দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরে রণবীরের হাতে রয়েছে দুটি বড় ছবি। অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্ত্র' এবং করণ মালহোত্রার 'শামশেরা'। ইতিমধ্যে বুলগেরিয়া, লন্ডন এবং মুম্বাইয়ে শুটিং হয়েছে 'ব্রহ্মাস্ত্র'-এর। আপাতত এই ছবির জন্য এই মুহূর্তে বারানসীতে শুটিং-এ ব্যস্ত রয়েছেন রণবীর-আলিয়া।