উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ডের ৩১৮ ক্ষেত্র আবিষ্কৃত

উত্তর কোরিয়ায় অন্তত ৩১৮টি মৃত্যুদণ্ড ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার একটি এনজিওর বরাতে জানিয়েছে বিবিসি। এসব ক্ষেত্রে সরকারি নির্দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলেও জানানো হয় বিবিসির প্রতিবেদনে।

দ্য ট্রানজিশনাল জাস্টিস ওয়ার্কিং গ্রুপ নামের ওই এনজিওটি উত্তর কোরিয়ার ৬১৯ জন পক্ষত্যাগীর সাক্ষাৎকার নেয় চার বছর ধরে। সংস্থাটির তদন্ত রিপোর্টে উত্তর কোরিয়ায় কয়েক দশক ধরে চলা হত্যাকাণ্ডের অনেক ঘটনা তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মৃত্যুদণ্ড সাধারণত নদী, মাঠে, বাজার, স্কুলের কাছাকাছি দেওয়া হয়। এনজিওটির প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি মৃত্যুদণ্ড কার্যকরের সময় প্রায় হাজারখানিক মানুষ উপস্থিত থাকে।

মৃত্যুদণ্ডের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের অনেক সময় জোর করে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে বাধ্য করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের পর অধিকাংশ ক্ষেত্রেই মরদেহ পরিবারের কাছে দেওয়া হয় না। রাজবন্দিদের অবশ্য প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় না।