একাদশে ভর্তি

চট্টগ্রাম বোর্ডে কলেজ পায়নি ৬৫৮০ শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১ লাখ ৮ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম দফায় কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে। তবে ৬ হাজার ৫৮০ শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি।

বোর্ড সূত্র জানিয়েছে, প্রথম দফায় মনোনীত শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। আর এই দফায় যারা ভর্তির জন্য মনোনীত হয়নি, তারা ১৯ ও ২০ জুন দ্বিতীয় দফায় আবেদন করতে পারবে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক জানান, প্রথম দফায় প্রায় ১ লাখ ৮ হাজার ৫৭৮ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে। তবে ৬৫৮০ শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পায়নি। তিনি জানান, প্রথম ধাপে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হয়নি তারা দ্বিতীয় ধাপে আবারও আবেদনের সুযোগ পাবে।

এ বছরের ভর্তি নীতিমালায় বলা হয়েছে, যারা প্রথম পর্যায়ে কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, তাদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে টেলিটক বা মোবাইল ব্যাংকিং রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা দিয়ে নিশ্চায়ন করতে হবে। কোনো শিক্ষার্থী যদি মনোনয়ন পাওয়ার পর নির্দিষ্ট তারিখের মধ্যে নিশ্চায়ন না করে, তা হলে সেই শিক্ষার্থীর মনোনয়ন এবং আবেদন বাতিল হয়ে যাবে। আর যেসব শিক্ষার্থী আগে আবেদন বা নিশ্চায়ন করেনি তারা (দ্বিতীয় পর্যায়ে) ১৯ ও ২০ জুন আবেদন করতে পারবে।