শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ক্ষেত্রে নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এবার তিন হাজারের মতো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এখন এমপিওভুক্তির জন্য আর ১০ বছর অপেক্ষা করতে হবে না। যেসব প্রতিষ্ঠান যোগ্যতা অর্জন করতে পারেনি, তারা যোগ্যতা অর্জন করলে এমপিওভুক্ত হবে বলেও জানান তিনি।
সংসদে গতকাল এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান। সরকারদলীয় এমপি খন্দকার গোলাম ফারুক এমপিদের সুপারিশের ভিত্তিতে এমপিওভুক্তির প্রস্তাব করে মন্ত্রীর কাছে জানতে চাইলে জবাবে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।
সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এরপর আবারও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা প্রক্রিয়াধীন। তিনি বলেন, বাজেট প্রাপ্তি অনুযায়ী এমপিওভুক্ত করা হবে। তবে সেই সংখ্যা কোনোভাবেই তিন হাজার অতিক্রম করবে না। তিন হাজারের আশপাশে হতে পারে।