মুন্সীগঞ্জ শ্রীনগরে স্বামীর ‘অত্যাচার’ সইতে না পেরে নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূ জিয়াসমিন আক্তার (৩৮) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
জিয়াসমিনের বড় ভাই সিরাজ চৌধুরীর অভিযোগ, ১৭ বছর আগে জিয়াসমিনের উপজেলার সেলামতি নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই টাকার জন্য সিরাজুল তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত। সে বেকার, মাদকাসক্ত ও জুয়া খেলত। সর্বশেষ ঈদের পরদিন জিয়াসমিন বাবার বাড়ি যেতে চাইলে সিরাজুল তাকে বাধা দেয় এবং গেলেও টাকা আনার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে। নির্যাতন এবং অপমান সহ্য করতে না পেরে সবার সামনে গত ৭ জুন সকাল ১১টার দিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় জিয়াসমিন। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে জিয়াসমিনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। মর্গ সহকারী রামু জানান, ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবার লাশ নিয়ে গেছে।