ইতালি, ফ্রান্সের জয়ের দিন জার্মানির ৮ গোল

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। বসনিয়া-হার্জেগোভিনাকে তারা হারিয়েছে ২-১ গোলে। ফ্রান্স অ্যান্ডোরাকে দিয়েছে চার গোল। সবাইকে ছাপিয়ে গেছে জার্মানি। এস্তোনিয়ার জালে ‘দুই হালি’ গোল দিয়েছে তারা।

ইতালি ৩২তম মিনিটে এদিন জেকোর গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ের জোরালো শটে সমতায় ফেরে তারা। আর ৮৬তম মিনিটে মার্কো ভেরাত্তির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা।

‘এইচ’ গ্রুপে অ্যান্ডোরার মাঠে একাদশ মিনিটে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৩০তম মিনিটে বেন ইয়েদের ব্যবধান দ্বিগুণ করার পর বিরতির ঠিক আগে দলের তৃতীয় গোলটি করেন ফ্লোরিয়ান থাউভিন। ৬০তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন জুমা।

জার্মানির হয়ে গোল করেছেন মোট ছয়জন। মার্কো রয়েস দুটি, দশম আর ৩৭তম মিনিটে। সের্গে জিনাব্রিও দুটি, ১৭ আর ৬২তম মিনিটে। গোরেটস্কার একমাত্র গোলটি ২০তম মিনিটে। ইলকাই গিনদোয়ানও একটি। তিনি ২৬তম মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে নেন। শেষ দুটি গোল করেন টিমো ভেরনার ও লেরয় সানে।