সৌদি বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা, আহত ২৬

সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে অন্ততপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সেনা কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, আসির প্রদেশের আভা বিমানবন্দরে বুধবারের এ হামলায় আহতের মধ্যে রয়েছেন তিনজন নারী এবং দুজন শিশুও। 

হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা সৌদি বিমানবন্দরটিতে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে।

ইয়েমেনে হুথিদের দমনে মার্কিন সমর্থিত সৌদি নেতৃত্বাধীন জোট নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তার প্রতিক্রিয়ায় হুথিরা এ ধরনের হামলা চালায় সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে।

গত সোমবারও হুথিদের নিজস্ব সম্প্রচার মাধ্যম দাবি করে, সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালায় শিয়াপন্থী এ সশস্ত্র গোষ্ঠী।

জিজান বিমানবন্দরে সৌদি ড্রোন বাংকার এবং স্টেশনে এ হামলা চালানো হয় বলে এটি আরও যোগ করে।