কাশ্মীরে ফের বিচ্ছিন্নতাবাদী হামলা, ৫ ভারতীয় সেনা নিহত

কাশ্মীরে ফের বিচ্ছিন্নতাবাদী হামলায় ভারতের আধাসামরিক বাহিনী সিআরপির ৫ সদস্য নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, অনন্তনাগে বুধবার সিআরপির টহলদলের ওপর এ হামলা হয়। আহতের মধ্যে জম্মু-কাশ্মীর পুলিশের এক ইন্সপেক্টর ও স্থানীয় এক বাসিন্দা রয়েছেন। এ ছাড়া সিআরপি সদস্যদের পাল্টা গুলিতে নিহত হয়েছে এক বিচ্ছিন্নতাবাদীও।

এদিকে কাশ্মীরের সংবাদ সংস্থা গ্লোবাল নিউজ সার্ভিস (জিএনএস) জানিয়েছে, মুশতাক আহমেদ জারগার নেতৃত্বাধীন কাশ্মীরভিত্তিক ইসলামি সশস্ত্র সংগঠন আল-উমর মুজাহিদিন এই হামলার দায় স্বীকার করেছে।

ভারতীয় সেনা সূত্রে জানা যায়, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে এক বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিল সিআরপি জওয়ানরা। সেই সময় মুখে কালো কাপড় বাধা দুই বিচ্ছিন্নতাবাদী মোটরসাইকেলে চড়ে এ হামলা চালায়। সিআরপি সদস্যদের লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছোড়ে তারা। এতে পাঁচ সিআরপি সদস্য প্রাণ হারায়।

এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। চিকিৎসার জন্য তাদের শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে। সিআরপি সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে এক বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানায়।