সৌদির বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৬

সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ২৬ বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। গতকাল বুধবার জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের, যাদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, হামলায় কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সৌদি জোটের ভাষ্য, হামলায় প্রমাণিত হয়েছে, হুতিরা ‘ইরানের কাছ থেকে উন্নত অস্ত্র’ পেয়েছে। অন্যদিকে হুতিসংশ্লিষ্ট মাসিরাহ টেলিভিশনের খবরে জানানো হয়, বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সৌদি আরব হুতিদের দুটি ড্রোন হামলা প্রতিহত করার খবর জানানোর এক দিন পর সর্বশেষ হামলাটি হলো। ইয়েমেনের বিদ্রোহী এ গোষ্ঠীটি রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।