হোল্ডিংয়ের কড়া জবাব

চলতি আসরে কয়েকটি বিতর্কিত বিষয়ের একটি আম্পায়ারিং। গত ৬ জুন, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত ছিল চোখে পড়ার মতো। তা নিয়ে সমালোচনা হয়েছে বেশ। ওই ম্যাচে ধারাভাষ্য কক্ষে থাকা ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং সেসব ত্রুটির সমালোচনা করেন। আম্পায়াররা ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের আসরে অপেশাদার আচরণ করছে বলে মন্তব্য করেন। সেই হোল্ডিংকে সতর্ক করল আইসিসি। ই-মেইল করে আম্পায়ারিং নিয়ে আর কোনো মন্তব্য করতে বারণ করা হয়েছে তাকে। রেগে আগুন হোল্ডিংও চুপ থাকেননি। আইসিসিকে পাল্টা ই-মেইলে কড়া ভাষায় জবাব দিয়েছেন।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে গেইলের আউটটিই ছিল দৃষ্টিকটু। যে বলে গেইল আউট হন তার আগের বলে বিশাল ‘নো’ হওয়ার পরও তা চোখে পড়েনি আম্পায়ারদের। পরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় গেইলকে। এমন আম্পায়ারিংকে ‘জঘন্য’ বলেছিলেন হোল্ডিং। তার মন্তব্য পছন্দ হয়নি আইসিসির। আইসিসি তাকে বলে, ‘টুর্নামেন্ট সম্পর্কিত কোনো বিষয় নিয়ে ধারাভাষ্য চলাকালে সংশয় প্রকাশ করা বা নেতিবাচক বিশ্লেষণ করা উচিত না। বিশেষ করে আপনি যদি আইসিসির নিযুক্ত ধারাভাষ্যকার হন। এ নিয়ে লাইভ টিভিতে আলোচনার সুযোগ থাকে।’

এমন মেইলের জবাবে ফুটবল বিশ্বকাপকে সামনে এনে হোল্ডিং বলেন, ‘ওই আম্পায়াররা যদি ফিফার অফিশিয়াল হতো, তবে এতদিনে তাদের ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হতো। তাদের আরেকটি বিশ্বকাপ ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হতো না। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি, ক্রিকেট বিশ্বকাপ আরও বেশি পেশাদার হওয়া উচিত। কিন্তু এখানে ভুল করা সত্ত্বেও তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।’