‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে প্রতি মাসের ১৭ তারিখ অভ্যন্তরীণ ফ্লাইটে ডিসকাউন্ট দেবে বাংলাদেশ বিমান। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে মিসরীয় বিমান ভাড়া করার বিষয়ে অনিয়ম এবং বিমানের নানা অনিয়ম খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক আসলামুল হক।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থায়ী কমিটিকে এ কথা জানানো হয়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আসলামুল হক, কাজী ফিরোজ রশীদ, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময় ও সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে একসঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। এ ছাড়া কমিটি কক্সবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য এক্সক্লুসিভ জোন তৈরির সুপারিশ করে।