সন্তান জন্ম দেওয়ার ৩০ মিনিট পরেই পরীক্ষায় বসলেন এই নারী

সন্তান জন্ম দেওয়ার জন্য এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে সন্তান জন্মদানের দিনই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সন্তান জন্ম দেওয়ার ৩০ মিনিটের মাথায় হাসপাতালের বিছানায় বসেই পরীক্ষায় অংশ নেন ওই নারী।

বিবিসি বাংলার খবরে বলা হয়, ঘটনাটি ইথিওপিয়ার পশ্চিম ইথিওপিয়ার মেতু অঞ্চলে ঘটেছে। ২১ বছর বয়সী এই নারীর নাম আলমাজ ডেরেস। তার ধারণা ছিল সন্তান প্রসবের আগেই তিনি হয়তো পরীক্ষা শেষ করে ফেলতে পারবেন।

কিন্তু রমজান মাসের কারণে মাধ্যমিক স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল।

এর মধ্যেই প্রসবের ব্যথা উঠলে সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই তার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

এর মধ্যে তিনি সন্তান প্রসব করেন এবং তার আধা ঘণ্টার মধ্যেই পরীক্ষা শুরু হলে তিনি হাসপাতালের বেডেই পরীক্ষার খাতায় উত্তর লিখতে শুরু করে দেন।

আলমাজ জানান, গর্ভকালীন অবস্থায় পড়ালেখা করতে তার তেমন অসুবিধা হয়নি। তবে এ ঘটনার কারণে এবারের পরীক্ষায় অংশ নেওয়া থেকেও তিনি বিরত থাকতে চাননি। কারণ তাহলে তাকে আরও একটা বছর অপেক্ষা করতে হতো।

সোমবার তিনি তিনটি পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকি পরীক্ষাগুলো তিনি আগামী দুদিনে পরীক্ষা কেন্দ্রে গিয়েই দেবেন বলে তিনি জানিয়েছেন।

তার স্বামী টেডেস টুলু জানান, এরকম অবস্থায় স্ত্রীর স্কুল যাতে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে সেজন্যে স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়েছিলেন।

আলমাজ খুব খুশি যে তার পরীক্ষা ভালো হয়েছে। তার নবজাতক শিশুটিও ভালো আছে।