রোহিতের পুলিশবাহিনীতে যোগ দিচ্ছেন সালমান

অজয় দেবগন ও রণবীর সিং-এর পর রোহিত শেঠির পুলিশ ইউনিভার্সে পা রেখেছেন অক্ষয় কুমার। সেই দলে নাকি যোগ দিচ্ছেন আরেক সুপারস্টার সালমান খান।

এমন খবর ছড়িয়েছে অক্ষয় ও সালমানের সিনেমার বক্স অফিস লড়াই থেমে যাওয়ার পর।

রোহিত পরিচালিত অক্ষয়-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ মুক্তির কথা ছিল আগামী ঈদুল ফিতরে। কিন্তু একই উপলক্ষকে সামনে রেখে নির্মিত হতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সালমান-আলিয়া ভাটের ‘ইনশাল্লাহ’।

বুধবার এক ঘোষণায় জানানো হয়, ঈদে মুক্তি পাচ্ছে না ‘সূর্যবংশী’। তার বদলে মুক্তি পাবে ২৭ মার্চ।

রোহিতের সঙ্গে তোলা ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সালমান বলেন, “আমি সব সময় রোহিতকে নিজের ছোট ভাই ভেবেছি এবং আজ সে তার প্রমাণ দিল। ‘সূর্যবংশী’ মুক্তি পাবে ২০২০ সালের ২৭ মার্চ।”

এর উত্তরে রোহিতের মন্তব্যের প্রেক্ষিত গুঞ্জন ওঠে, অজয় (সিংহাম), রণবীর (সিম্বা) ও অক্ষয়ের (সূর্যবংশী) পর নির্মাতার কপ ইউনিভার্সের নতুন মুখ হচ্ছেন সালমান। তিনি বলেন, “আমি দুনিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কিন্তু পরিবারের সঙ্গে নয়… শিগগিরই দেখা হবে চুলবুল পান্ডে।”

সম্প্রতি রোহিতের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন সালমান। ভবিষ্যতে ‘সিংহাম’ ও ‘দাবাং’ সিরিজের ক্রসওভারের প্রস্তাব দেন।

সালমানকে চলতি বছরের বড়দিনে দেখা যাবে হিট ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’-এর তৃতীয় কিস্তিতে। প্রভু দেবার পরিচালনায় নায়িকা হিসেবে আছেন সোনাক্ষী সিনহা।