মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে ছেলের ফেসবুক পোস্ট ভাইরাল

মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রশংসিত হলো ছেলে। তিনি ভারতের কেরালার বাসিন্দা, পেশায় একজন প্রকৌশলী।

এনডিটিভি জানায়, কেরালার কোল্লামের বাসিন্দা ইঞ্জিনিয়ার গোকুল শ্রীধর মঙ্গলবার ফেসবুকে ওই পোস্ট করেন। ফের বিয়ে করায় মা’কে শুভ কামনা জানান তিনি।

মালায়লাম ভাষায় গোকুল লেখেন, “আমার মায়ের বিয়ে ছিল। এই পোস্ট করার আগে আমাকে অনেকবার ভাবতে হয়েছে। পুনর্বিবাহ আমাদের সমাজে আজও একটা ট্যাবু।”

তিনি তার মায়ের একটি ছবিও শেয়ার করেন। পোস্টে তিনি তার বাবার সঙ্গে মায়ের দাম্পত্য জীবন সুখের ছিল না বলে উল্লেখ করেন।

একটি ঘটনার কথা উল্লেখ করে ওই পোস্টে লেখেন, “একবার দেখলাম বাবার হাতে নিপীড়িত হওয়ার পরে তার কপাল দিয়ে রক্ত পড়ছে। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, কেন তিনি এসব সহ্য করছেন। মা আমাকে বলেছিলেন, তিনি আমার জন্যই বেঁচে রয়েছেন। এবং তিনি আরও সহ্য করার জন্য প্রস্তুত।”

মাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার ঘটনাটিও পোস্টে তিনি লেখেন, “আমি যখন আমার মায়ের হাত ধরে ওই ঘর থেকে বেরিয়ে আসি, তখনই ঠিক করেছিলাম আমি তাকে আবার বিয়ে দেব।”

এই প্রকৌশলী লেখেন, “আমার মা, যিনি তার যৌবন আমার জন্য ত্যাগ করেছিলেন, তার অনেক স্বপ্ন পূরণ করার ছিল। অনেক উচ্চতায় পৌঁছানোর ছিল। আমি আর কিছু বলতে চাই না। আমি এটাকে গোপন রাখতে চাই না। তোমার বিবাহিত জীবন সুখের হোক মা।”

গোকুলের পোস্টটি এর মধ্যে কয়েক হাজার মানুষ শেয়ার করেছেন। অসংখ্য মানুষ গোকুল ও তার মা’কে প্রশংসা করেছে।