মেহজাবিনের কান্নার সমালোচনার জবাবে যা বললেন রাজ

প্রতিবারের মতো এবারের ঈদেও মেহজাবিন অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়েছে টিভি চ্যানেলগুলোতে। তার অভিনীত বেশ কিছু নাটক প্রশংসিত হয়েছে। করুণ রসের কিছু নাটকের দৃশ্যে মেহজাবিনকে কাঁদতে দেখা গেছে। মূলত কয়েক বছর আগের ঈদে প্রচারিত ‘বড় ছেলে’ নাটকে মেহজাবিনের কান্নার দৃশ্য জনপ্রিয় হওয়ার পর থেকে অনেক পরিচালকই মেহজাবিন এই বিশেষ দিকটি তাদের নাটকেও তুলে ধরেছেন। মূলত মেহজাবিনের নাটকের প্রশংসার পাশাপাশি তার কান্না নিয়েও সমালোচনা চলছে।

এদিকে মেহজাবিনের কান্নার সমালোচনার জবাবে নিজের বক্তব্য তুলে ধরেছেন জনপ্রিয় নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘‘সারা বিশ্বে নাটকে কান্নাটা একটা সাধারণ বিষয়। অন্যান্য বিশ্বে যদি আমরা দেখি সেখানে বেশির ভাগ সিনেমাতেই কান্না থাকে। বিশেষ করে নাটকে, রোমান্টিক / অ্যাকশন প্রত্যেক নাটকেই রোমান্স, হাসি, কান্না থাকে। একটা নাটকের অনেকগুলো সিন থাকে, নাটকের এতগুলো সিন রেখে যখন একজন অভিনেতা /অভিনেত্রী কাঁদতেছে তখন ওইটাতেই বেশি ফোকাস করছেন কেন?

সে তো আবার অন্যান্য সিনগুলো করতেছে। বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করছে ওইগুলো নিয়ে তো কেউ কথা বলেন না। সবাই আজকাল নেগেটিভ নিয়েই কথা বলতে পছন্দ করে কারণ, নেগেটিভ বেশি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সে তো ২০-২৫ টা নাটক করেছে এই ঈদে। আরো যে ৩০০এর বেশি নাটক হয়েছে এই ঈদে ওইগুলো নিয়ে কেন কারও কোনো মাথা ব্যথা নেই?

ওখানে কি রিপিটেশন নাই?

তাই ভাবছি একটা নাটকে মেহজাবিন এর বাবা মারা গেলেও কাঁদবে না, ভাই মারা গেলেও কাঁদবে না, বয়ফ্রেন্ড সুইসাইড করলেও কাঁদবে না, কেউ মারলেও কাঁদবে না! কেমন হবে আপনারা খুশি হবেন নাকি আবার বলবেন কেমনে পারে মেহজাবিন- তার বাবা, ভাই, বয়ফ্রেন্ড মারা গেলে সে একটু ও কাঁদে নাই?’’