বর-কনে ও কাজিসহ ৯ জনের জেল-জরিমানা

ভোলায় পৃথক দু’টি বাল্য বিবাহ পড়ানোর অপরাধে বর-কনে, অভিভাবক ও কাজিসহ ৯ জনকে জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড, ৪ জনকে ১০ হাজার টাকা করে ও ২ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন কাজি মো. ইকবাল হোসেন, তার সহকারী মো. হাসান, বর মো. সজিব। এদের মধ্যে কাজি মো. ইকবাল হোসেন সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকার সৈয়দ আহম্মদ এর ছেলে। তার সহকারী মো. হাসান একই উপজেলার আলীনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. আব্দুল মতিনের ছেলে এবং বর মো. সজিব বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের প্রবাসী মো. মফিজুল ইসলাম ফরাজীর স্ত্রী নাসিমা আক্তার, তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ে কনে মোসা. ফাতেমা আক্তার মিতু, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মো. সবুজ, মজিব উদ্দিন, মাইনুদ্দিন ও নাজিম উদ্দিন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের সামসুদ্দিন মার্কেটে অবস্থিত কাজি অফিসে বাল্য বিবাহ পড়ানোর সময় কাজি মো. ইকবাল হোসেন, তার সহকারী মো. হাসান ও মো. সজিব (১৯), মিতু ও তার মা নাসিমা আক্তারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের মধ্যে কাজি, তার সহকারী ও বরকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন। কনে ও তার মাকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রাম থেকে বুধবার রাতে বাল্য বিবাহ পড়ানোর সময় বর, মেয়ের বাবা ও চাচাসহ ৪ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে বর মো. সবুজ, মেয়ের বাবা মো. মজিব উদ্দিন, চাচা মাইনুদ্দিন ও নাজিম উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মেয়ের বাবা বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত কন্যাকে বিবাহ দেবে না মর্মে মুচলেকা দেন।

ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন বলেন, বাল্য বিবাহের তথ্য পেয়ে পুলিশের সহায়তায় ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের কাজি অফিস থেকে কাজিসহ ৫জন ও সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন থেকে বর ও মেয়ের বাবাসহ ৪ জনকে আটক করা হয়েছে।