বাজেট প্রস্তাবনা বাস্তবতা থেকে যোজন দূরে: রেজা কিবরিয়া

সরকার ঘোষিত ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেট বাস্তবতা থেকে যোজন যোজন দূরে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, দেশের অর্থনীতি গভীর খাদের কিনারায়। অথচ সংসদে ঘোষিত ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে তা থেকে উত্তরণে কোনো দিকনির্দেশনা নেই। তাছাড়া বাজেট প্রস্তাবনা বাস্তবতা থেকে যোজন যোজন দূরে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব বলেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

প্রয়াত অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেন, বাজেট প্রস্তাবনায় সরকারের ঘনিষ্ঠ একটি অংশকে লাভবান করার ব্যবস্থা করা হয়েছে। সরকার ব্যাংক থেকে বিশাল অঙ্কের অর্থ ঋণ নেবে বলে বাজেটে বলা হয়েছে। এতে করে স্পষ্ট করে বলা যায়, দেশের ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার মতোন কোনো অর্থ ব্যাংক থেকে ঋণ পাবেন না।

তিনি বলেন, বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮.২%। মূল্যস্ফীতি ৫.৫ শতাংশের মধ্যে আটকে রাখার কথা বলা হয়েছে। এটিও অবাস্তব।

শনিবার আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান রেজা কিবরিয়া।

‘সমৃদ্ধ আগামীর’ প্রত্যাশা সামনে রেখে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের প্রথম বছরে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।