চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাকিস্তানের বিরুদ্ধে নালিশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে গিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মোদি এ নালিশ জানান।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে আরও জানিয়েছে- বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ভারতে আসার জন্য আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী। মোদির আমন্ত্রণে এবছরেই ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জিনপিংয়ের এই সফর দু’দেশের সম্পর্কে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা কূটনীতিবিদদের।
বিশকেকে সাংহাই কো-অপারেশনের বৈঠকে মোদির যাওয়া নিয়ে প্রথম থেকেই বেশ নাটক জমে ওঠে। প্রথমে পাকিস্তানের উপর দিয়ে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই মতো পাক সরকারের কাছে আকাশসীমা ব্যবহারের অনুমতিও চায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘নৈতিকতার দায়ে’ পাকিস্তান অনুমতিও দেয়। কিন্তু, শেষ পর্যন্ত মোদি পাকিস্তানের আকাশ না মাড়িয়ে ঘুরপথে বিশকেক যান।
বিশকেক গিয়ে মোদি চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া বন্ধ করতে চাপ দেওয়ার অনুরোধ জানান।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিজয় গোখলে জানিয়েছেন, দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হলেও তা হবে অঘোষিত সামিট। অর্থাৎ, আলোচ্যসূচি পূর্বনির্ধারিত হবে না। যার ফলে, দুই দেশের রাষ্ট্রপ্রধান একাধিক ইস্যুতে আলোচনা করতে পারবেন।