পরমাণু অস্ত্র বানানোর ইচ্ছা নেই ইরানের : খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, পারমাণবিক অস্ত্র বানানো বা ব্যবহারের কোনো ইচ্ছা নেই তার দেশের। গতকাল বৃহস্পতিবার তাকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে খামেনি এ মন্তব্য করলেন।

সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকের পর তেহরানে সাংবাদিকদের আবে বলেন, খামেনি বলেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র বানাবে না; বানানো উচিতও নয়। ইরানের এমন কোনো ইচ্ছাও নেই। জাপানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে খামেনির সঙ্গে বৈঠক করা আবে আরও বলেন, ‘আজ আমি সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে বৈঠকের পর শান্তিতে তার আস্থার কথা জেনেছি। আমি একে এ অঞ্চলের শান্তি ও স্থিতির জন্য বড় উন্নতি হিসেবে দেখছি।’ তার এই মন্তব্য জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে প্রচার করে।

গত বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাতের পর সংঘাতপীড়িত মধ্যপ্রাচ্যে অনাকাক্সিক্ষত বিরোধের বিষয়ে সতর্ক করেন আবে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে তেহরান যান জাপানের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে জাপান। দেশটি উত্তেজনা কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।