শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হতে দেয়নি বৃষ্টি। ব্রিস্টল বলতে গেলে হতাশ করেছে বাংলাদেশ দলকে। তবে বুধবারই পরের ম্যাচের ভেন্যু টনটনে পৌঁছেছে টাইগাররা। আগামী সোমবার এখানকার কুপার অ্যাসোসিয়েটস গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার দল। টনটনের এই মাঠ থেকেই জিততে শুরু করতে চায় টাইগাররা।
বুধ ও বৃহস্পতিবার দুই দিন অনুশীলন করেনি মাশরাফী, সাকিবরা। সবাই ছিলেন ছুটিতে। তবে শুক্রবার থেকেই অনুশীলনে মন দেবে দল। কোচ স্টিভ রোডস বৃহস্পতিবার বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সামনের কঠিন পথে দলের জন্য দুই দিনের এই বিশ্রাম ছিল প্রয়োজনীয়। বিশ্রামে চাঙা ভাব ফিরে পাওয়াটা পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করবে বলে বিশ্বাস তার।
বিশ্বকাপটা হচ্ছে রোডসের ঘরের মাঠে। এই ইংলিশ কোচের জন্য বিশ্বকাপটা অন্য রকমই। কোনো জাতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশেই তার প্রথম কাজ করা। রোডস তাই আলাদা রোমাঞ্চিত হবেন এটিই স্বাভাবিক।
ক্রিকেটাররা যেহেতু ছুটিতে, রোডসসহ পুরো টিম ম্যানেজমেন্টও তাই ছুটির আমেজে কাটিয়েছেন বৃহস্পতিবারের দিনটা। রোডস টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘‘অনেক বিশ্রাম হলো। দুটা দিন নির্ভার কাটানোয় সবার জন্যই ভালো হয়েছে। তবে এখন আমাদের জেতা শুরু করতে হবে।’’
রোডস বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন এক বছর হলো। এই এক বছরের মূল্যায়ন করতে গিয়ে ইংলিশ কোচ বলেন, ‘‘সব মিলিয়ে এই এক বছর বেশ ভালো কেটেছে। আমার নিজের জন্য এটি ছিল অনন্য অভিজ্ঞতা। অনেক কিছু শিখেছি, শেখানোর চেষ্টা করেছি। দারুণ উপভোগ করছি নিজের কাজ। ছেলেরা খুব ভালো সাড়া দিয়েছে, তাতে আমার কাজ সহজ হয়েছে।’’
বাংলাদেশের কোচ হিসেবে এক বছরে বেশ ভালো সাফল্যই দেখিয়েছেন রোডস। তার অধীনে ২৫ ওয়ানডের ১৫টিতেই জিতেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে দল। সর্বশেষ আয়ারল্যান্ড সফরে প্রথমবারের মতো কোনো ট্রফি জয়ও তার হাত ধরেই।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। তবে এরপর হেরেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে। বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হতে পারেনি। তবে আরো পাঁচ ম্যাচ বাকি। এখন সেই দিকে নজর টাইগারদের।
বড় দলগুলোর সঙ্গে এখনো কিছু কিছু জায়াগায় পিছিয়ে থাকার কথা মেনে নিচ্ছেন রোডস। তারপরও এই দলের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই তার।
সাংবাদিকদের রোডস বলেন, ‘‘আপনি যদি এই বিশ্বকাপের সবগুলো দলের দিকে তাকান, দেখবেন কিছু বড় দলের বিপক্ষে লড়াই করেছি আমরা। তবে এটা ঠিক যে, সেই দলগুলোর গভীরতা ও মানের দিক থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমাদের কিছু ক্রিকেটার আছে যারা সর্বাত্মক চেষ্টা করছে নিজেদের উন্নতির জন্য। আমাদের সেই সক্ষমতাও রয়েছে।’’
‘‘সাকিব দুর্দান্ত পারফরমেন্স করছে। আমরা ক্রিকেটারদের পারফরমেন্সের সেই গভীরতায় পৌঁছানো চেষ্টা করে যাচ্ছি। তবে আপনি বলতে পারেন তাদের অভিজ্ঞতা অনেক কম।’’- যোগ করে বলেন বাংলাদেশ কোচ রোডস।