ফুটবলের জন্য ২০ কোটি টাকা

২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য ২০ কোটি টাকা ‘বিশেষ’ বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এ প্রস্তাব পেশ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতির অবকাঠামো উন্নয়ন, জাতীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে সরকার ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’

বাজেট প্রস্তাবনার আগে বাফুফে সরকারের কাছে চেয়েছিল ৩০ কোটি টাকা। ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সন্তুষ্ট নন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বরাদ্দ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘জাতীয় বাজেট ২০১৯-২০-এ সরকারের বরাদ্দ দেওয়া ২০ কোটি টাকা আমাদের (বাফুফের) জন্য পর্যাপ্ত নয়।’