আজ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের চতুর্থ মৃত্যুবার্ষিকী

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিনস্ট হাবিবুর রহমান মিলনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার । ২০১৫ সালের এই দিন তিনি ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত, মরহুমের বাসভবনে কোরআন পাঠ, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মিলন ১৯৬৩ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৬৪ সালে দৈনিক পয়গাম ও দৈনিক আজাদে কাজ করার পর ১৯৬৫ সালে মুসাফিরখ্যাত তফাজ্জল হোসেন মানিক মিয়ার আহ্বানে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণ করেন। দৈনিক ইত্তেফাকে ঘরে-বাইরে শিরোনামে কলাম লিখতেন। বিজ্ঞপ্তি