বৃষ্টির শঙ্কায় ভারত-পাকিস্তান লড়াইও

বৃষ্টির কারণে আকর্ষণ হারাতে বসেছে এবারের বিশ্বকাপ। ম্যাচ পরিত্যাক্ত হওয়ার ব্যাপারগুলো মেনে নিতে পারছেন না ক্রিকেটামোদীরা। তাদের জন্য অপেক্ষা করছে আরেকটি হতাশার খবর। বৃষ্টি বাগড়া হয়ে দাঁড়াতে পারে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান দ্বৈরথ!

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আগামী রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। কিন্তু আবহাওয়ার রিপোর্ট বলছে, আসরের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচে তৃতীয় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি!

এবার বিশ্বকাপ আমেজে বড় এক বাধার নাম বৃষ্টি। প্রতিকূল আবহাওয়ার বাগড়া দিচ্ছে বিশ্বকাপ উন্মাদনায়। শুরুর প্রথম দুই সপ্তাহেই চারটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। দলগুলোকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে।

বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা। ম্যাচটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই। এবারের আসরের সবচেয়ে বেশি টিকেটের জন্য আবেদন পড়েছিল এই ম্যাচের। এমনকি ফাইনাল ম্যাচদের থেকেও বেশি। তবে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ওল্ড ট্রাফোর্ড আশাহত করে সিংহভাগ টিকেট প্রত্যাশীকেই।

বহুল আকাঙিক্ষত এই ম্যাচ মাঠে গড়ানো নিয়েই এখন শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, আগামী রোববার ম্যানচেস্টারে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ম্যাচ বৃষ্টির কবলে পড়ে ভেসে গেলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আইসিসিকেও। এর মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সেই ম্যাচের টিকেটের অর্থ ফেরত দিয়ে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে আইসিসি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে ভারতের। এরমধ্যে দুটি তারা জিতেছে, একটি ভেসে গেছে বৃষ্টিতে। অন্যদিকে, পাকিস্তান খেলেছে চারটি ম্যাচ। তাদেরও একটি ম্যাচ বৃষ্টিতে মাঠে গড়ায়নি। বাকি তিনটির একটিতে জয়, দুটিতে হার।