এবার চাকরি ছাড়ছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স । জুনের শেষ নাগাদ তিনি দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, বৃহস্পতিবার এক ঘোষণায় স্যান্ডার্সের হোয়াইট হাউস ছাড়ার কথা জানিয়ে ট্রাম্প বলেন, তার মুখপাত্র জুনের শেষ নাগাদ আরাকানসাসের নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন।
তিনি বলেন, স্যান্ডার্স আজীবন সম্মানিত থাকবেন। গত সাড়ে তিন বছর খুব ভালোভাবে মার্কিন গণমাধ্যম এবং নানা সমালোচনা সামাল দিয়েছেন তিনি।
অন্যতম মিত্রের বিদায়ী বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি খুব ভালো একজন বন্ধু। অসাধারণ মানুষ এবং দারুণ একজন নারী।
মূলত আসন্ন আরাকানসাস রাজ্যের গর্ভনর পদে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচনের জন্যই হোয়াইট হাউসের চাকরি ছাড়লেন সারাহ্। স্বপদে বহাল থেকে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, এমন বিধিনিষেধের মুখে পড়ে তাকে দায়িত্ব ছাড়তে হল।
২০১৭ সালের জুলাইয়ে তিনি ট্রাম্পের মুখপাত্রের দায়িত্ব নেন। পরবর্তীতে শ্যান স্পাইসারের পদে স্থলাভিষিক্ত হন।
২০১৭ সাল থেকে ট্রাম্প প্রশাসন থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা নানাভাবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে ট্রাম্প নিজেই বরখাস্ত করেছেন। যার মধ্যে আছেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর র্যান্ডোলফ অ্যালিসের মতো শীর্ষ কর্মকর্তাও। এ ছাড়া গত কয়েক মাসে পদত্যাগ করেছেন একাধিক শীর্ষ কর্মকর্তা।