২০২৩-২৪ অর্থবছরে ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ১০ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে। মূল্যস্ফীতি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ।

তিনি বলেন, পদ্মা সেতুর ২ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সেতুর ৬৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল হাসপাতাল থেকে সরাসরি সংসদে এসেছিলেন নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে। কিন্তু বক্তৃতা শুরু করেও বেশিদূর এগোতে পারেননি তিনি। তার বাকি বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রা’ নামে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করা হয়। আগামী ৩০ জুন সংসদে পাস হওয়ার পর ১ জুলাই থেকে তা কার্যকর হবে।