গাড়ির ভেতর গলা কাটা লাশটি উবার চালক আরমানের

রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে প্রাইভেট কারের ভেতরে থেকে মো. আরমান (৪২) নামের এক উবার চালককে গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনের রাস্তায় নিজের প্রাইভেট কারের ভেতর থেকে আরমানের লাশটি উদ্ধার করা হয়।

নিহতের খালাতো ভাই মো. আরিফ হোসেন জানান, পাবনা ঈশ্বরদী উপজেলার ফতেহপুর মৃত আব্দুল হাকিমের ছেলে আরমান। তিনি স্ত্রী রাবেয়া বেগম, ছেলে জান্নাতুল নাঈম (৯) ও এক বছর বয়সী মেয়ে আফরিনকে নিয়ে মিরপুরে ১১ নম্বরে সেকশনে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান জানান, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৫২ নম্বর বাড়ির সামনে প্রাইভেট কারের ভেতর থেকে আরমানের লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে।

আরমানের সহকর্মী মো. হারুন জানান, তারা মিরপুর ১১ নম্বরের জীবন হাসান নামের এক ব্যক্তির প্রাইভেট কার চালান। প্রায় দেড় বছর ধরে সে উবারে রাইডার হিসেবে প্রাইভেট কারটি চালাতো। গতরাতে রামপুরার ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রাতে যাত্রী নিয়ে উত্তরার ১৪ নম্বর সেক্টরে যায় সে। রাত দেড়টার দিকে আমি তার নম্বরে কল দিলে পুলিশ কল রিসিভ করে ঘটনা সম্পর্কে আমাকে বললে পরে আমি ঘটনাস্থলে গিয়ে আরমানের লাশ দেখতে পাই।