‘দেশে এত বেকার থাকলে ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না কেন’

দেশে বেকারের সংখ্যা বেশি হলে কৃষক ধান কাটার সময় মজুর খুঁজে পায় না কেন এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে তিনি এমন প্রশ্ন উত্থাপন করেন।

২০১৯-২০২০ সালের প্রস্তুতি বাজেটে তিন কোটি মানুষের কর্মসংস্থান কীভাবে নিশ্চিত হবে সে বিষয়ে এক সাংবাদিক ব্যাখ্যা চাইলে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের কথা আমরা বলেছি, চাকরি দেওয়ার কথা বলিনি। ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রেখেছি, শিক্ষার কথা বলেছি, প্রযুক্তি শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং। আমরা চাই মানুষ শিক্ষিত হয়ে ট্রেনিং নিক। নিজের কাজ নিজে করার একটা সুযোগ পাক। মূলত কর্মসংস্থানের ব্যবস্থা এখন কিন্তু আছে।

'আছে বলেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। লোক পাওয়া যাচ্ছে না কেন? যদি এত বেশি বেকার থাকে তাহলে ধান কাটলে দিনে ৪০০-৫০০ টাকা পাবে। প্লাস তিন বেলা খাবার। দুই বেলা খাবে এক বেলার খাবার বাড়ি নিয়ে যাবে। তারপরও কেন লোক পাওয়া যাচ্ছে না? এটা কি একবারও বিবেচনা করেছেন। যেহেতু কর্মসংস্থানের সুযোগ আছে তাই ধান কাটার লোকের অভাব'।

প্রধানমন্ত্রী তখন বলেন, অনেক পত্রিকায় দেখেছি ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। তারা অনেক বেশি টাকা চায়। শ্রমের যে মূল্য বেড়ে গেছে, কারণ তাদের ডিমান্ড বেড়ে গেছে। আজকে বেকার লোকের অভাব আছে বলেই তো মূল্য বেড়েছে। সেটাও একটু বিবেচনা করে দেখেন।

এবার বোরো মৌসুমে ধানের ফলন ভালো হলেও উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম হওয়ায় চরম বিপাকে পড়েন কৃষকরা। কোথাও কোথাও এক দিনের ধান কাটার মজুরি দিতে হয়েছে ৫০০ টাকা। যা পাঁচ মণ ধানের দামের সমান।

এ নিয়ে দেশজুড়ে আলোচনাও হয়। ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু জায়গায় কৃষকের ধান কেটে দেওয়া হয়।