ঢাকাই সিনেমার সুপারস্টার অনন্ত জলিল। তিনি বর্তমানে ‘দিন-দ্য ডে’ ছবির শুটিং নিয়ে ইরানে ব্যস্ত সময় পার করছেন। ইরানের নানা শুটিং স্পট থেকে ভক্তদের জন্য মাঝে মাঝেই কাজের আপডেটের ছবি, ভিডিও শেয়ার করেন অনলাইনে। এরই ধারাবাহিকতায় ইরানে শুটিং স্পটে ধারণকৃত একটি ভিডিওতে দেখা মিলল অনন্ত জলিল ও বর্ষাকে। তাদের ইরান এয়ারপোর্টে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিতে দেখা যায়।
এ সময় ভিডিওতে বর্ষার অনুভূতি জানতে চাইলে তিনি বলে, ‘এখানে শুটিং করতে এসেছি। আমি খুবই এক্সাইটেড (উত্তেজিত)।’
অনন্ত জলিলকে দেখা যায়, মেকআপ নিতে। তিনি মেকআপ নিতে নিতে কথা বলেন। অনন্ত জলিল বলেন, ‘পাঁচ বছর পর ছবি করছি ফলে শুরুতেই ভাবছিলাম কি করা যায়। আমরা অনেক কষ্ট করে এখানে শুটিং করছি। অনেক বাজেট, অনেক অ্যারেঞ্জমেন্ট। দর্শকদের আমরা ভালো কিছু উপহার দিতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’
‘দিন-দ্য ডে’ ছবিতে অনন্তর নায়িকা হিসেবে রয়েছেন বর্ষা। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন- দ্য ডে’। এটি পরিচালনা করছেন ইরানের আলী রেজা তাবেশ। সিনেমাটিতে বর্তমান অস্থির বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইসলামের ইতিবাচক দিক তুলে ধরা হবে। একাধিক দেশে হবে দৃশ্যায়ন। থাকছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পী।