পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার মালিকদের খেলাপি ঋণের খোঁজ নিতে সাংবাদিকদের বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, সেটি (ঋণের পরিমাণ) বের করলে এ প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না।
বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে খেলাপি ঋণের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ার মালিকেরা কত টাকা ঋণ নিয়েছেন, সেটির একটি হিসাব নেয়া হবে এবং তাদের টাকাটা শোধ দিয়ে তাদের পত্রিকায় লেখেন, এটি আমার অনুরোধ থাকবে।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় শুক্রবার বেলা ৩টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুরুতে তিনি বাজেটের বিভিন্ন দিক এবং সরকারের পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পরে বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা এখানে পত্রিকায় কাজ করেন, তাদের একটি কথা জিজ্ঞেস করব, আপনারা কি একটি খবর নেবেন যে আপনাদের পত্রিকার মালিকেরা কে কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং শোধ দিয়েছেন কি না? আপনারা দয়া করে সব ব্যাংক থেকে এই তথ্যটি বের করেন, যত মিডিয়া এখানে আছেন, যত পত্রিকা...প্রত্যেকেই বলবেন (মালিকদের) যে এটা আমি অনুরোধ করেছি।’