কলকাতার এক হাসপাতালের ৮০ চিকিৎসকের পদত্যাগ

ভারতের পশ্চিমবঙ্গ, নয়াদিল্লি, মুম্বাই ও হায়দরাবাদসহ বিভিন্ন স্থানে চিকিৎসকদের কর্মবিরতির মধ্যেই পশ্চিমবঙ্গের একটি সরকারি হাসপাতালের ৮০ চিকিৎসক পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গের চিকিৎসকরা ধর্মঘটে যোগ দিয়েছেন। চতুর্থ দিনের মতো গতকালও তারা ধর্মঘট পালন করছেন।

গত মঙ্গলবার হাসপাতালে মারা যাওয়া এক রোগীর আত্মীয়রা এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের দুই জুনিয়র চিকিৎসককে মারধর করে। এর প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়। এদিকে গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে যান মমতা। তখন ধর্মঘটরত চিকিৎসকদের একাংশ মমতার বিরুদ্ধে সেøাগান দেয়। একপর্যায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি তাদের ক্ষমা করে দিয়েছি। তারা আমার বিরোধিতা করতে পারে। আমি কিছু মনে করি না, কারণ তারা তরুণ। আমি চাই তারা তাদের কাজ শুরু করুক।’ শুধু এনআরএস নয়, রাজ্যের সব হাসপাতালেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ সরকারি হাসপাতালে প্রায় ৮০ জন চিকিৎসক একযোগে ইস্তফা দিলেন।