ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১৪

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত রামপুরা, হাতিরঝিল, গুলিস্তান ও মগবাজারের মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পল্টন, হাতিরঝিল ও রামপুরা থানায় তিনটি মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড করছিল। গ্রেপ্তারের সময় তাদের থেকে দুটি রড, ১১টি মোবাইল ফোন, ছয়টি চাকু, একটি তালা কাটার, একটি কাটার প্লাস, একটি হেক্সোব্লেড, তিনটি চাপাতি এবং নগদ ১৪৪০ টাকা উদ্ধার করা হয়।