সাভারে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে উপজেলার বনগাঁও ইউনিয়নের কয়েকশ গ্রামবাসী।
বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, সম্প্রতি সাভারের বিভিন্ন বাসাবাড়িতে পল্লী বিদ্যুৎ কর্র্তৃপক্ষ প্রি-পেইড মিটার সংযোজন করেছে। এসব মিটারে বিদ্যুতের বিল বেশি হওয়াসহ নানা সমস্যা রয়েছে দাবি করে অবিলম্বে মিটারগুলো অপসারণের দাবি জানায় তারা। বিষয়টি নিয়ে বারবার আপত্তি জানানোর পরও পল্লী বিদ্যুৎ কর্র্তৃপক্ষ গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে মিটার স্থাপন অব্যাহত রেখেছে।
একপর্যায়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কটি প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ এলাকাবাসীদের রাস্তা থেকে সরিয়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।