মাশরাফী একজন যোদ্ধা: ওয়ালশ

চলতি বিশ্বকাপে আশানুরূপ হচ্ছে না বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পারফরম্যান্স। শুনতে হচ্ছে সমালোচনা। কিন্তু এই নিয়ে চিন্তিত নন টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তার মতে, মাশরাফী একজন যোদ্ধা। কঠিন সময় কাটিয়ে উঠবে নড়াইল এক্সপ্রেস।

হাঁটুতে চোট নিয়ে মাশরাফী কিভাবে এত বছর খেলে যাচ্ছেন সেটাও বেশ ভালোভাবেই জানেন ওয়ালশ। তবুও সম্প্রতি সময়ে তার পারফরম্যান্স নিয়ে ফের সমলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চোটের কারণে বলে গতি না থাকলেও মাশরাফী লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারেন যা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ। তাই তো মাশরাফীর সমলোচনা খুব একটা ভালো চোখে দেখছেন না ওয়ালশ।

মাশরাফী প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার বলেন, “আমরা সবাই জানি মাশরাফী একজন যোদ্ধা। তার হালকা ইনজুরি আছে। অধিনায়ক হিসেবে সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। সে দারুণ স্পেল করে। আমরা তাকে ভালভাবেই দেখভাল করছি। সে দেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে সে ভীষণ নিবেদিত। আমার মনে হয় তার সমালোচনা খুব দ্রুতই করে ফেলা হচ্ছে।”

বিশ্বকাপে নিজেদের পরের ম্যাচে টনটনে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ওই লড়াইয়ে মাশরাফী ছন্দে ফিরবেন বলে আশাবাদী ওয়ালশ।