আগে ব্যাট করে অস্ট্রেলিয়া বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে শ্রীলঙ্কার সামনে। তবে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩৩৫ রানের লক্ষ্য দেখে মোটেও ভড়কে যায়নি লঙ্কানরা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরার জোড়া ফিফটিতে শ্রীলঙ্কা পেয়েছে উড়ন্ত শুরু। এগিয়ে চলেছে দারুণভাবে।
শনিবার দিনের প্রথম ম্যাচে ওভালে লড়ছে দুই দল। অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৩৪ রানের পুঁজি গড়ে।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক করুনারত্নে ও পেরেরা শুরু থেকেই খেলছেন দুর্দান্ত। করুনারত্নে ও পেরেরা দুজনই চড়াও হয়ে খেলতে থাকেন শুরু থেকেই। অজি বোলারদের রীতিমতো নাজেহাল করে ছেড়েছেন দুজন।
৬.৫ ওভারে শ্রীলঙ্কা ফিফটি পূরণ করে। করুনারত্নে ৪৩ বলে ফিফটি পূরণ করেন। পেরেরা ফিফটি পূরণ করেছেন ৩৩ বলে।
তবে ১৬তম ওভারে দলীয় ১১৫ রানে ফিরে গেছেন পেরেরা। ব্যক্তিগত ৫২ রান করে মিচেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। ৩৬ বলে নিজের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৫ চার ও ১ ছক্কায়।
কুশল পেরেরা ফেরার পর করুনারত্নের সঙ্গে যোগ দিয়েছেন লাহিরু থিরিমান্নে। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ১৮ ওভার শেষে ১২৩/১ । করুনারত্নে ৬৭ ও থিরিমান্নে ২ রান নিয়ে ব্যাট করছেন।