বিএনপি-জামায়াতের শাসন আর আসবে না: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলছেন, বিএনপি-জামায়াত জোটের শাসন আর কোন দিন দেশে ফিরে আসবে না। কোন রকম ষড়যন্ত্র করে লাভ নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাবে। 

শনিবার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামাতের চক্রান্ত এখনও অব্যাহত আছে, তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই বিএনপি জামাতের শাসন আমল দেখেছি। দেশের মানুষ  বিএনপি-জামায়াতের দুঃশাসন আর দেখতে চায় না। বিএনপির অতীত দুঃশাসন ভুলে গেলে চলবে না। তারা দেশকে অধঃপতনে নিয়ে গিয়েছিল। সেই দেশকে সমৃদ্ধ করে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম আরো বলেন, যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবের আদর্শে গড়া সংগঠন।  সেই যুবলীগের মত বড় সংগঠনের নেতা হতে হলে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। অতীত ভুলে গেলে চলবে না। ছবি টাঙ্গিয়ে, স্লোগান দিয়ে যুবলীগের নেতা  হওয়া যাবে না।

জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না এমপি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ এ সম্মেলনে বক্তব্য রাখেন।

এ সময় হাসিবুর রহমান স্বপন এমপি, অধ্যাপক ড. আব্দুল আজিজ এমপি, তানভির ইমাম এমপি, সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়,  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, বিমল কুমার দাসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।