উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পণ করা হবে কি না, সে বিষয়ক পূর্ণাঙ্গ শুনানি আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। গত শুক্রবার লন্ডনের একটি আদালতের বিচারক এমা আরবাথনট আগামী বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুনানি শুরুর দিন ঠিক করে দেন বলে জানিয়েছে বিবিসি।
৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা গুপ্তচর আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে আড়িপাতাসহ ১৮টি অভিযোগ এনেছে। দোষী প্রমাণিত হলে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে। শুক্রবার লন্ডনের একটি কারাগার থেকে ভিডিওলিঙ্কের মাধ্যমে আদালতে হাজিরা দেন অ্যাসাঞ্জ। তার পরনে ছিল ধূসর টি-শার্ট; চোখে কালো ফ্রেমের চশমা। এ সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার গণমাধ্যমকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করছে।’
যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিত্ব করা আইনজীবী বেন ব্রেন্ডন এদিন উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নেটওয়ার্কের পাসওয়ার্ড ভেঙে মূল্যবান তথ্যে হানা দেওয়াসহ বিভিন্ন অভিযোগের সারসংক্ষেপ পড়ে শোনান।
২০১০ সালে তার প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লাখ লাখ কূটনৈতিক ও সামরিক নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল। এভাবে তথ্য উন্মোচিত হয়ে পড়ায় বিভিন্ন দেশে কাজ করা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জীবন বিপন্ন হয়ে পড়ে বলে অভিযোগ ওয়াশিংটনের।