অল্পেই গুটিয়ে গেল আফগানিস্তান

আবারো আফগানিস্তানের ব্যাটিংয়ে সেই একই চিত্র। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুঁজিটা বড় করতে পারল না দলটি। আগে ব্যাট করে গুটিয়ে গেল মাত্র ১২৫ রানেই।

শনিবার বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। টস হেরে এদিন আগে ব্যাটিংয়ে নামে আফগানরা। দুইবার বৃষ্টি বাগড়া দেওয়ায় ৪৮ ওভারে নেমে আসে ম্যাচ। তবে আফগানিস্তান ৩৪.১ ওভারেই গুটিয়ে গেছে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন রশিদ খান। তার ব্যাটেই মূলত এক শ পেরিয়েছে দলটির স্কোর। এ ছাড়া ৩২ রান করেন ওপেনার নুর আলি জাদরান। আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই করেছেন ২২ রান। বাকি কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোর করতে পারেনি।

দুর্দান্ত বোলিং করেছেন ইমরান তাহির। ৭ ওভার বল করে ২৯ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি। ক্রিস মরিস ৬.১ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট।

বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১২৭ রানের। অর্থাৎ এক রান বেড়েছে। এমনিতেও অবশ্য এই রান মোটেও কষ্টকর হওয়ার কথা নয় প্রোটিয়াদের জন্য।