‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ’ শুরু

অনেকেই তথ্য দিতে গড়িমসি করছে : ডিএমপি কমিশনার

রাজধানীতে বসবাসরত নাগরিকদের তথ্য সংগ্রহ ও হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, তবে নাগরিক তথ্য দিতে অনেকের মধ্যে গড়িমসি রয়েছে। গতকাল শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপির ৫০টি থানার ৩০২টি বিটে একযোগে নাগরিক তথ্য সংগ্রহ ও হালনাগাদের কার্যক্রম চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এর মধ্যে ২২ লাখ পরিবারের ৬৩ লাখ নাগরিকের তথ্য আমাদের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমসে (সিআইএমএস) সংরক্ষিত আছে। এই সিস্টেমে প্রতিটি নাগরিকের জন্য একটি ইউনিক ইনডেস্ক নম্বর দেওয়া আছে। সেই নম্বর দিয়ে সিস্টেমে সার্চ দিলে কাক্সিক্ষত নাগরিকের বিস্তারিত তথ্য জানা যায়।’

নাগরিক তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন উন্নত শহরে নাগরিকদের তথ্য ডেটাবেজে সংগ্রহ করা হয় নাগরিকদের নিরাপত্তা সুদৃঢ় করার জন্য; কোনো অপরাধ প্রতিকার, প্রতিরোধ এবং উদঘাটনের জন্য। বিলম্ব হলেও আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০১৬ সাল থেকে অফিশিয়ালি নাগরিকদের তথ্য সংগ্রহ করছি।’

সন্ত্রাস ও উগ্রবাদ দমনে বাংলাদেশের সাফল্য বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করার ফলে আমাদের এই সাফল্য এসেছে। হলি আর্টিজান হামলার পর থেকে ঢাকা শহরে নাগরিকের সঠিক তথ্য প্রদান ছাড়া কেউ বাসা ভাড়া নিতে পারে না।’