যুবদলের সমাবেশে রিজভী

বিচারপতি মানিক সরকারের উচ্ছিষ্টভোগী

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ‘কর্তৃক’ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘কটূক্তি’ এবং কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করে কেন্দ্রীয় যুবদল।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিচারপতি মানিক সরকারের উচ্ছিষ্টভোগী। অবান্তর, অসত্য ও বিকৃত বক্তব্য প্রদানের জন্য মানিকের মতো বিকারগ্রস্ত লোকদের মাঠে নামিয়েছে সরকার। এদের জনগণ উচিত শিক্ষা দেবে। তিনি বলেন, সত্যকে কোনোদিনই মুছে ফেলা যাবে না। বরং আওয়ামী শাসকগোষ্ঠীর বিকৃত ইতিহাসকেই জনগণ আঁস্তাকুড়ে নিক্ষেপ করবে। এ ধরনের কটূক্তিকারী ঘৃণিত ব্যক্তিদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে। রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার আগুন নেভাচ্ছেন।