দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার কারণেই বেকার যুবকরা বিদেশ পাড়ি জমাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজ সরকার একদিকে দেশে উন্নয়নের কথা বলছে, অন্যদিকে তিউনিশিয়ার উপকূলে সমুদ্রের জলে বাংলাদেশের তরুণরা ভাসছে। এতই যদি দেশের উন্নয়ন হবে, তাহলে কেন তারা জীবনের ঝুঁকি নিয়ে পালিয়েছে? সরকার কি এর জবাব দিতে পারবে? গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু।
আমীর খসরুর এই বক্তব্যের এক দিন আগেই গত শুক্রবার প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশে কর্মসংস্থানের সুযোগ আছে বলেই এখন ধান কাটার লোক পাওয়া যায় না।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের জন্য সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, এই বাজেট দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে না। কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়।