বাবা দিবসে সিঙ্গল মায়েদের শুভেচ্ছা স্বস্তিকার

বাবা দিবসে সবাই একটু আলাদাভাবে বাবাকে শুভেচ্ছা জানানো। কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির মতে, যে মায়েরা বাবা ও মা দুই দায়িত্বই একসঙ্গে পালন করছেন দিনটি তাদের জন্যও!

নায়িকার সোশ্যাল মিডিয়ার পোস্টে এই বার্তাই উঠে এসেছে। ফাদার্স ডে উপলক্ষে রোববার স্বস্তিকা মেয়ে অন্বেষার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, “যে সব অভিভাবক দুটো দায়িত্বই পালন করছেন! আমাদের জন্য চিয়ার্স।”

বরাবরই ভিন্ন চিন্তাধারার জন্য পরিচিত স্বস্তিকা। এর পরিচয় তিনি আগেও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বাবা দিবসে এর নতুন রূপ দেখা গেল।

মেয়ে অন্বেষাকে বড় করেছেন তিনি একাই। পালন করেছেন বাবার দায়িত্বও। প্রায়ই মা-মেয়ে দুজনকে একসঙ্গে ছবিও শেয়ার করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন স্বস্তিকা ও অন্বেষা। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করছেন তিনি। খুব শিগগিরই ‘দিল বেচারা’ ছবিতে দেখা যাবে তাকে। ছবিটির আগের নাম ছিল ‘কিজি অউর মান্নি’। পরিচালনা করছেন মুকেশ ছাবরা। এটি হলিউডের হিট সিনেমা ‘দি ফল্ট ইন আওয়ার স্টারস’-এর রিমেক।