নরসিংদীর হাজিপুরে মাদক ব্যবসায় জড়িত না হওয়ায় দশম শ্রেণির স্কুল ছাত্রীকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় আদালতের পর এবার থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে নিহত জান্নাতির বাবা বাদি হয়ে শাশুড়ি শান্তি বেগমকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন ।
এঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
মামলার আসামিরা হলো ,নিহত জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (৪৫), স্বামী শিপলু ওরফে শিবু (২৩), ফাল্গুনী বেগম(২০) ও শ্বশুর হুমায়ন মিয়া (৫০)। সকলেই চর হাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা।
আটককৃতরা হলো মাদক ব্যবসায়ী শান্তি বেগমের বোন সাথী আক্তার, দেবর নওশের মিয়া, খালা পারুল বেগম,খালাতো ভাই টিউলিপ, মামা রতন মিয়া ও খালাত ভাই জাহাঙ্গীর।
নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, প্রায় ১ বছর আগে নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামের শরীফুল ইসলাম খানের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জান্নাতি আক্তার (১৬) সাথে পার্শ্ববর্তী খাসেরচর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে শিপলু মিয়ার প্রেম হয়। কিছুদিন পরই পরিবারের অমতে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামীর আসল রূপ বেরিয়ে আসে। স্ত্রী জান্নাতিকে পারিবারিক মাদক ব্যবসায় সম্পৃক্ত করতে মাদক ব্যবসায়ী শাশুড়ি শান্তি বেগম ও স্বামী শিপলু তাকে চাপ প্রয়োগ করতে থাকে। এতে রাজি হয়নি জান্নাতি। ফলে জান্নাতির উপর নেমে আসে কঠোর নির্যাতন।
যৌতুকের টাকা না দেওয়াসহ মাদক ব্যবসায় জড়িত না হওয়ায় চলতি বছরের ২১শে এপ্রিল রাতে ঘুমন্ত অবস্থায় শাশুড়ি শান্তি বেগম, তার মেয়ে ফাল্গুনী বেগম ও স্বামী শিপলু জান্নাতির শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এলাকাবাসীর চাপে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
ঘটনার পর ২৫ এপ্রিল নিহতের দাদা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান আদালতে মামলা দায়ের করেন। আদালত পুলিশ ব্যুরো-অব-ইনভেস্টিগেশন (পিবিআই) কে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করে। কিন্তু পৌনে দুই মাসের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পিবিআই।
এরই মধ্যে দীর্ঘ ৪০দিন মৃত্যু যন্ত্রণার পর গত ৩০ মে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পৌনে দুই মাস পার হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি।
সর্বশেষ শনিবার রাতে জান্নাতিকে যৌতুকের জন্য নির্যাতন ও মাদক ব্যবসায় সম্পৃক্ত না হওয়ায় পুড়িয়ে হত্যার অভিযোগে শাশুড়ি শান্তি বেগম ,স্বামী শিপলু ওরফে শিবু ,ফাল্গুনী বেগম ও শ্বশুর হুমায়ন মিয়াকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, থানায় মামলা দায়েরের পর আসামি গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়। তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।