মাধ্যমিকে জিপিএ ৫ পেয়েও কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭৭ জন শিক্ষার্থী। প্রথম মেধা তালিকায় কোনো কলেজেই তারা মনোনীত হয়নি। এখানে কলেজ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৫৭৮ জন। মনোনয়ন থেকে ছিটকে পড়া জিপিএ ৫ পাওয়া ২৭৭ জন শিক্ষার্থীকে এখন একাদশে ভর্তির জন্য দৃষ্টি রাখতে হবে দ্বিতীয় মেধা তালিকায়।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘ভর্তি নির্দেশিকায় বলা ছিল সর্বোচ্চ দশটি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে। এই ২৭৭ শিক্ষার্থী কমসংখ্যক কলেজ পছন্দ দেওয়ায় বিপত্তিটি ঘটেছে। তারা ৫-৬টি কলেজে আবেদন করেছে।’ তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বারবার সতর্ক করেছি যেন কম্পিউটার অপারেটর বা অন্য কারও নির্দেশনায় কলেজ নির্বাচন না করে। বেশি নম্বর প্রাপ্তরা ওই ৫-৬টি কলেজগুলোতে আবেদন করায় তারা মনোনয়নে ছিটকে পড়েছে। সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করলে প্রথম ধাপে এ সমস্যা হতো না।’
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যারা প্রথম তালিকায় মনোনীত হয়নি, তাদের জন্য রয়েছে দ্বিতীয় তালিকায় মনোনয়ন পাওয়ার সুযোগ। এজন্য তাদের ১৯ ও ২০ জুন দ্বিতীয় দফায় পুনরায় আবেদন করতে হবে। ভর্তি নীতিমালায় বলা আছে, দ্বিতীয় দফায় আবেদন করার সময় তাদের কোনো ফি পরিশোধ করতে হবে না, যেহেতু তাদের আবেদনের ফি আগেই পরিশোধ করা আছে। ২১ জুন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি একাদশে দ্বিতীয় দফা মেধা তালিকা প্রকাশ করবে।
বোর্ডের কলেজ শাখা সূত্রে জানা যায়, সামগ্রিকভাবে আসন সংকট না হলেও পছন্দানুযায়ী কলেজ পাবে না অনেক শিক্ষার্থী। তবে পরবর্তী তালিকায় প্রথম দফায় বাদ পড়া শিক্ষার্থীরা সুযোগ পাবে। আগামী ১৯ ও ২০ জুন রাত ৮টা পর্যন্ত ২য় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২১ জুন পছন্দক্রম অনুযায়ী ১ম কলেজ পরিবর্তন আবেদনের ফল এবং ২য় পর্যায়ে আবেদনে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে।